“চুরি থেকে তাওবা: এক হৃদয়ের জাগরণের আহ্বান”
“চুরি থেকে তাওবা: এক হৃদয়ের জাগরণের আহ্বান” মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা (দ্বীনের দ্বীপ্তি) আমরা প্রায়ই এমনভাবে জীবন যাপন করি যেন এই দুনিয়া আমাদের স্থায়ী আবাস, যেন মৃত্যু আমাদের দরজায় কখনো কড়া নাড়বে না। হৃদয়ের গভীরে কোথাও আমরা ভুলে যাই—আমরা মুসাফির, আমরা অস্থায়ী। অথচ আল্লাহ তাআলা কুরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন: ﴿كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ﴾ “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।” (সূরা আলে ইমরান ৩:১৮৫)। এই আয়াত কেবল একটি ঘোষণা নয়, এটি এক জাগরণী ধ্বনি। মৃত্যু অবশ্যম্ভাবী, ফিরে যাওয়া অবধারিত, হিসাব অনিবার্য। তবুও আমরা এমনভাবে পাপ করি যেন জাহান্নামের আগুন কেবল গল্প, যেন কবরের অন্ধকার কেবল কল্পনা। চুরি—এটি কেবল একটি অপরাধ নয়; এটি একটি বিশ্বাসঘাতকতা, এটি একটি জুলুম। কেউ হয়তো বলে, “আমি গরিব, আমি এতিম, আমি অভাবী। আমার তো উপায় নেই।” কিন্তু প্রশ্ন হলো—অভাব কি হারামকে হালাল করে দেয়? ক্ষুধা কি অন্যের হক নষ্ট করার অনুমতি দেয়? যদি আমি কারও সম্পদ চুরি করি, তা সে সামান্য হোক বা বিশাল, আমি কি ভেবেছি তার হৃদয়ের কষ্টের কথা? হয়তো সেই টাকায় তার সন্তানের ওষুধ কেনা...