প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি
প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি
মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা দ্বীনের দ্বীপ্তি
দেখতে দেখতে প্রথম সাময়িক পরীক্ষার খেয়ার চলে এসেছে। আর কয়েকদিন পরেই মাদ্রাসাগুলোতে পরীক্ষা শুরু হয়ে যাবে। কুরবানীর পর থেকেই তালেবে ইলমরা প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। এই তো কয়েকদিন আগেই আমরা ভর্তি হয়েছিলাম, দেখতে দেখতেই কুরবানি চলে এলো, এখন কুরবানী শেষ, সামনে পরীক্ষা।
এখনই সময়—ঘুম থেকে উঠো!
হে ছাত্র ভাইয়েরা! যারা এখনো অলসতা এবং গাফিলতির মধ্যে রয়েছো, তোমরা ঘুম থেকে উঠো। তোমার পরীক্ষার প্রস্তুতি শুরু করো। গল্প গুজব ছেড়ে দাও। পরীক্ষা এমন এক বিষয়:
عند الامتحان يكرم الرجل او يهان
আল্লাহ তাআলা বলেন:
يوم تبيض وجوه وتسود وجوه
সেদিন হয়তো কারো চেহারা খুশিতে উৎফুল্ল হবে, আবার কারো মলিন হয়ে যাবে। এখনই সেই দিনটির জন্য প্রস্তুতি নেওয়ার সময়।
পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ
তুমি যেই জামাতেই হও না কেন, সকল কিতাব খুব ভালোভাবে আয়ত্ত করো। লেখাকে সুন্দর করো। পরীক্ষক যেন খুশি হয়ে নাম্বার দিতে বাধ্য হন। লক্ষ্য রাখো—এক থেকে পাঁচের মধ্যে থাকতেই হবে।
একটি নেজামুল আউকাত তৈরি করো। কোন সময় কোন কিতাব পড়বে, সেটার তালিকা তৈরি করো। দুর্বল কিতাবকে বেশি সময় দাও, যেটা সহজ সেটা কম সময় দিলেও চলবে।
সহপাঠীর সাহায্য নাও
তুমি যেই অংশটা পড়ছো সেটা একজন সাথীর সাথে মিলিয়ে নাও, একে অপরকে প্রশ্ন করো। এতে করে স্মৃতিতে থাকবে এবং পরীক্ষায় কাজে লাগবে। দুর্বলদের সাহায্য করো, আল্লাহ তোমার শক্তি বাড়িয়ে দেবেন।
লজ্জা নয়, সাহায্য চাও
যদি দুর্বল হও, লজ্জা নয় বরং সাহস করে যাদের পক্ষে আয়ত্ত হয়েছে তাদের কাছ থেকে বুঝে নাও। যারা শিখাতে রাজি তাদের প্রতি সম্মান রাখো। এবং অবশ্যই ওস্তাদদের পরামর্শ নিয়ে চলো।
স্বাস্থ্য, ঘুম ও খাবার
রাত জেগে পড়া নয় বরং নিয়মিত ঘুম, খাওয়া-দাওয়া ঠিক রেখে পড়বে। পরীক্ষার দিন সবকিছু প্রস্তুত রাখবে—কলম, স্কেল, প্রবেশপত্র সব।
আদর্শ পরীক্ষার্থী হও
পরীক্ষার দিনে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বের হবে। পরীক্ষার হলে সুন্দর আচরণ করবে, খাতা পরিষ্কার রাখবে। লেখার মাঝে ফাঁকা রাখবে, কাটাকাটি করবে না।
اللهم انا نسالك فهما صحيحا وفهما كاملا وفهما عميقا
اللهم انا نسالك النجاح في الامتحان
اللهم تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم
Comments
Post a Comment