⏳ সফরের মুহূর্তগুলো ও একজন তালিবে ইলমের কর্তব্য 🌿
⏳ সফরের মুহূর্তগুলো ও একজন তালিবে ইলমের কর্তব্য 🌿
মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা দ্বীনের দ্বীপ্তি
আমরা জীবনের বিভিন্ন পর্যায়ে সফরে বের হই—মাদ্রাসা ছুটিতে বাড়ি যাওয়া, আত্মীয়দের বাসায় সাক্ষাৎ, কিংবা জরুরি কোনো কাজে শহরান্তর। এসব সফরের সময়টুকু যেন কেবল গতিবিধির মাঝে সীমাবদ্ধ না থাকে, বরং হয়ে উঠুক আত্মগঠনের এক অনন্য সোপান।
অনেকেই বাসে উঠেই মোবাইল খুলে বসে যায়—কখনও শর্ট ভিডিও, কখনও ইউটিউব, কখনও নাটক-সিনেমা। অথচ এই মূল্যবান মুহূর্তগুলো নষ্ট হয়ে যায় অনর্থক কাজে।
একজন তালিবে ইলম হিসেবে আমি সব সময় এই ফিকির নিয়ে সফরে বের হই যে—এই সময়টুকু আমি কীভাবে কাজে লাগাব। আমি পূর্ব থেকেই কিতাব ঠিক করে নেই—সফরে পড়ার উপযোগী এমন কিছু। বাসের ঝাঁকুনিতেও পড়তে পারি এমন হালকা কিতাব, কিংবা মোবাইলে المكتبة الشاملة থেকে পঠিত কিতাব পড়ি।
قال الإمام ابن الجوزي رحمه الله:
"اعلم أن الزمان أشرف من أن يُضَيَّع منه لحظة."
— صيد الخاطر، ص: ٣٧٥
অনেক সময় এমনও হয় যে আমার হাতে খাতা-কলম থাকে না, কিন্তু অনেক চিন্তা ও আইডিয়া চলে আসে। তখন মোবাইলের নোটপ্যাড অ্যাপ খুলে লিখে রাখি। কারণ, এই চিন্তাগুলোই একদিন হয়ত হবে আমার লেখার রসদ, আমার গবেষণার পুঁজি।
একজন মুহাক্কিক হতে চাইলে এমন মুহূর্তগুলোকে সহজে হাতছাড়া করলে চলে না। জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র সময়ই গড়ে তোলে বড় বড় কৃতিত্ব।
قال ابن عساكر رحمه الله:
"اعلم يا أخي وفقنا الله وإياك لمرضاته أن لحوم العلماء مسمومة وعادة الله في هتك أستار منتقصيهم معلومة."
— تبيين كذب المفتري، ص: ٢٩
সফরে নীরব বসে থাকা নয়, বরং বই পড়া, নোট লেখা, দুআ করা—এইসবই হোক সফরের সাথী। আরেকটি দিক হলো অভিজ্ঞতা: চলার পথে মানুষের জীবন দেখি, প্রশ্ন শুনি, সমস্যার মুখোমুখি হই—এসবই হয়ে যায় জীবন্ত পাঠশালা। এগুলোকেও লিপিবদ্ধ করে রাখি যেন ভবিষ্যতের রচনার উপাদান হয়।
মুমিনের বৈশিষ্ট্য কী? সে কখনো অনর্থক কাজে নিজেকে নিমজ্জিত করে না।
قال الله تعالى:
﴿وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ﴾
— سورة المؤمنون، الآية: ٣
অতএব, চলার পথে আলস্য নয়, বরং নীরব সাধনায় ব্যস্ত থাকা হোক আমাদের সফরের পরিচয়। যেন একদিন এই সফরের মুহূর্তগুলোই আমাদের বানিয়ে দেয় একজন প্রকৃত মুহাক্কিক, একজন নিবেদিত তালিবে ইলম।
Comments
Post a Comment