হে প্রিয়তম! আমি হচ্ছি ঈমান
হে প্রিয়তম! আমি হচ্ছি ঈমান
মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা দ্বীনের দ্বীপ্তি
হে প্রিয়তম! শুনবে কি আজ আমার হৃদয়ের কিছু কথা? বুঝবে কি তুমি আমার তপ্ত হৃদয়ের সুপ্ত ব্যাথা? জীবন সফরে কি রাখবে তোমার সাথী করে, বেছে নেবে কি আমায় আজ তুমি বন্ধুরূপে?
আমি তোমার একজন ভালো বন্ধু হতে চাই, বদলে দিতে চাই আমি তোমাকে, তোমার জীবনকে; সাহাবীওয়ালা রঙে রাঙিয়ে তুলতে চাই তোমার সবকিছুকে, জান্নাতের স্বাদ আস্বাদন করাতে চাই তোমাকে। কী! রাখবে না বুঝি আমার আবেদন? সংকোচবোধ করছো বুঝি? আরে ধুর বোকা! কী ভাবছো তুমি একা একা!!
আচ্ছা যাও, তোমায় একটু ভাবার সময় দিলাম! আবার দেখো বেশি দেরি করে ফেলো না যেন, আমার আবার একটু তাড়া আছে!!
এখনও তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারছো না বুঝি?? শোনো! সবকাজে সবসময় দেরি করতে নেই, অনেক সময় কিছু পাওয়া মাত্রই তা লুফে নিতে হয়, কারণ সুযোগ বারবার আসেনা, বুঝলে!
আমি নতুন দেখে হয়তো তোমার একটু লজ্জা লাগছে, বা তুমি দ্বিধাহীনতায় পড়েছ। আমি অবাক হচ্ছিনা তোমাকে দেখে! কারণ তোমার মতো অনেকেই এভাবে প্রথমে দ্বিধায় পড়ে। ফলস্বরূপ হায়-হোতাশ করা ছাড়া তাদের কোনো উপায় থাকেনা।
জানো! এত সহজে আমি কারো বন্ধু বনে যাই না! অনেকে খুব চেষ্টা করে আমায় বন্ধু বানাতে,
কিন্তু আমি সেখানে অনড় থাকি, তাদের ফেলি পরীক্ষা আর পরীক্ষার মাঝে!
যারা একবার আমাকে কোনক্রমে তাদের বন্ধু বানাতে সক্ষম হয়েছে, আমি তাদের এমন গনিমত দান করেছি যা কখনও তাদের কল্পনাতেও আসেনি!!!
আমার এ বন্ধুত্বের প্রতিদানস্বরূপ তারা কি করেছে জানো?
তারা শুধুই আল্লাহর শোকর করেছে আর আল্লাহরই শোকর আদায় করেছে। সুখে-দুঃখে, সর্বাবস্থায় তারা কেবল আল্লাহরই কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।
আল্লাহ তায়ালাও সকলের প্রতি সন্তুষ্ট হয়ে তাদেরকে তাঁর প্রিয় বান্দাদের কাতারে শামিল করে নিয়েছেন। আল্লাহর খুশিতে আমিও তাদেরকে দুনিয়াতেই জান্নাতের স্বাদ আস্বাদন করিয়ে জান্নাতি সাজে তাঁদের জীবনকে রাঙিয়ে তুলেছি।
এবার বলোঃ আমার বন্ধুত্ব কি তুমি ফিরিয়ে দেবে (!)?
এই যে ধরো, কত মানুষ আজ গত হয়েছে আমায় ছাড়া। তারা আজ বড় কষ্টে আছে।
জানো হে বন্ধু! আমার দিলে বড় চোট লাগে যখন দেখি কোনো একজন মুসলমান আমায় ছাড়া বিদায় জানাচ্ছে এ ধরাকে। যখন আর আমার কিছুই করার থাকে না, তখন পাহাড়চাপা কষ্ট বুকে করে ছুটে যাই আবার নতুনের সন্ধানে।
এবার তাহলে শুনে নাও—কে আমি!
আমি হচ্ছি... আমি হচ্ছি ঈমান!
কী! এখনও দেরি করবে বুঝি...?
Comments
Post a Comment