রমজানের বিদায়ক্ষণে আত্মসমালোচনার সময়

রমজানের বিদায়ক্ষণে আত্মসমালোচনার সময়

মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা (দ্বীনের দ্বীপ্তি)

রমজান মাসের দিনগুলো যেন খুব দ্রুত চলে যায়। কিছুদিন আগেও আমরা কত আনন্দ ও আশায় এই মাসকে বরণ করেছিলাম। হৃদয়ের মধ্যে এক অদ্ভুত আলোড়ন ছিল—এই রমজান হবে পরিবর্তনের রমজান, এই রমজান হবে তাওবার রমজান, এই রমজান হবে আল্লাহর নৈকট্য অর্জনের রমজান। কিন্তু সময়ের নিয়ম এমনই—যা শুরু হয় তা একসময় শেষ হয়ে যায়। আজ যখন আমরা পেছনে তাকাই তখন অনুভব করি, এই বরকতময় মাসের বিদায়ক্ষণ যেন দরজায় কড়া নাড়ছে। আর এই বিদায়ের মুহূর্তে একজন সচেতন মুমিনের হৃদয়ে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন জেগে ওঠে—এই রমজান থেকে আমি কি পেলাম?

মানুষের জীবনে হিসাব নেওয়ার একটি স্বাভাবিক অভ্যাস রয়েছে। একজন ব্যবসায়ী দিন শেষে হিসাবের খাতা খুলে বসেন—আজ কত বিক্রি হলো, কত লাভ হলো, কোথায় ক্ষতি হলো। একজন কৃষক জমি থেকে ফসল তুলতে গিয়ে চিন্তা করেন—এই মৌসুমে তার পরিশ্রম কতটুকু ফল দিয়েছে। একজন শ্রমিক দিনশেষে মজুরি গুনে দেখে তার ঘামের বিনিময়ে কতটুকু উপার্জন হয়েছে। পৃথিবীর প্রতিটি ক্ষেত্রেই মানুষ লাভ-ক্ষতির হিসাব করে। অথচ আশ্চর্যের বিষয় হলো—আমরা দুনিয়ার ছোট ছোট বিষয়ে হিসাব করি, কিন্তু আখিরাতের বিশাল জীবনের হিসাব অনেক সময় ভুলে যাই।

একজন ছাত্রের জীবনেও এই হিসাবের গুরুত্ব রয়েছে। বছরের শুরুতে যখন সে পড়াশোনা শুরু করে, তখন তার মনে অনেক স্বপ্ন থাকে। বছর শেষে পরীক্ষার ফলাফল যখন সামনে আসে, তখন সে বুঝতে পারে সারা বছরের পরিশ্রম কতটুকু ফল দিয়েছে। একজন মাদ্রাসার ছাত্রও বছরের শেষে নিজেকে প্রশ্ন করে—এই বছর আমি কতটুকু ইলম অর্জন করেছি? যে যোগ্যতা অর্জন করার কথা ছিল তা কি সত্যিই অর্জন করতে পেরেছি?

ঠিক একইভাবে আমাদেরও আজ নিজেদের সামনে একটি আয়না ধরে দাঁড়াতে হবে। এই রমজান শুরু হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমাদের জীবন কেমন ছিল? আমরা কি সত্যিই সেইভাবে রমজান কাটাতে পেরেছি যেভাবে একজন মুমিনের কাটানো উচিত ছিল? নাকি আমরা এই মহামূল্যবান সময়টিকে অযথা নষ্ট করে ফেলেছি?

রমজান ছিল ইবাদতের মাস, কুরআনের মাস, তাওবার মাস। এই মাসে রাতের অন্ধকারে তাহাজ্জুদের সিজদায় চোখের পানি ফেলার সুযোগ ছিল। এই মাসে কুরআনের তিলাওয়াতে হৃদয়কে আলোকিত করার সুযোগ ছিল। এই মাসে নফল নামাজ, দোয়া-ইস্তেগফার এবং আল্লাহর কাছে কান্নাকাটি করার সুযোগ ছিল। কিন্তু আমরা কি সেই সুযোগগুলোকে গ্রহণ করতে পেরেছি?

আমাদের প্রত্যেকের উচিত নিজেকে প্রশ্ন করা—আমি এই রমজানে কতটুকু কুরআন তিলাওয়াত করেছি? কতবার আল্লাহর কাছে তাওবা করেছি? কতবার রাতের নির্জনতায় দাঁড়িয়ে বলেছি—হে আল্লাহ! আমার গুনাহগুলো মাফ করে দিন?

আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—আমাদের চরিত্র কি বদলেছে? আমরা কি মানুষের সাথে আগের চেয়ে ভালো ব্যবহার করতে পেরেছি? আমরা কি গীবত, অপবাদ, ঝগড়া-বিবাদ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পেরেছি? আমরা কি ইকরামুল মুসলিমীনের প্রকৃত পরিচয় বহন করতে পেরেছি?

রমজান শুধু ব্যক্তিগত ইবাদতের মাস নয়; এটি মানবতার সেবার মাসও। এই মাসে দরিদ্রদের খোঁজখবর নেওয়া, তাদেরকে ইফতার ও সাহরিতে সাহায্য করা, ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটানো—এসবই ছিল আমাদের দায়িত্ব। আমরা কি সেই দায়িত্ব পালন করতে পেরেছি?

আমরা কি আমাদের রোজাগুলোকে যথাযথভাবে পালন করতে পেরেছি? আমরা কি পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি রাতের তারাবীহ নামাজ মনোযোগ ও খুশু-খুজুর সাথে আদায় করতে পেরেছি?

এই প্রশ্নগুলোর উত্তর যখন আমরা আমাদের অন্তরের কাছে চাইবো, তখন হয়তো দুটি অবস্থার একটি হবে। হয়তো আমাদের মন বলবে—হ্যাঁ, আমি চেষ্টা করেছি। আমি যতটুকু পেরেছি ইবাদত করেছি। আমি কুরআনের সাথে সম্পর্ক তৈরি করেছি। আমি আল্লাহর কাছে কান্নাকাটি করেছি। যদি এমন হয়, তাহলে অবশ্যই এটি আমাদের জন্য সৌভাগ্যের বিষয়।

কিন্তু যদি আমাদের মন বলে—আমি কিছুই করতে পারিনি। এই রমজান এসেছে, আবার চলে যাচ্ছে, অথচ আমার জীবনে কোন পরিবর্তন আসেনি। আমি আগের মতোই মোবাইল নিয়ে ব্যস্ত ছিলাম, টিকটক রিলস দেখেছি, অযথা ভিডিও দেখেছি, খেলাধুলা ও বিনোদনের মধ্যে সময় নষ্ট করেছি—তাহলে আমাদের জন্য এটি সত্যিই বড় আফসোসের বিষয়।

কারণ রমজান এমন একটি মাস, যা মানুষকে বদলে দিতে পারে। কিন্তু যদি এই মাসও আমাদের বদলাতে না পারে, তাহলে আমরা কবে বদলাব?

আজ আমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের ভুলগুলো স্বীকার করা। যদি আমরা সত্যিই অনুভব করি যে আমরা রমজানের হক আদায় করতে পারিনি, তাহলে এখনই সময় তাওবার দরজা খুলে দেওয়ার।

আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল। বান্দা যদি আন্তরিকভাবে তাঁর কাছে ফিরে আসে, তাহলে তিনি অবশ্যই ক্ষমা করে দেন।

রমজানের শেষ দিনগুলো তাই আমাদের জন্য একটি শেষ সুযোগ। এই দিনগুলোতে আমাদের উচিত কুরআনের সাথে সম্পর্ক বাড়ানো, বেশি বেশি দোয়া করা, বেশি বেশি ইস্তেগফার করা এবং আল্লাহর কাছে কাঁদা।

হয়তো এই কান্নাই আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। হয়তো এই কয়েকটি রাতের ইবাদতই আমাদের আখিরাতের সফলতার কারণ হয়ে যেতে পারে।

আমাদের মনে রাখা উচিত—এই পৃথিবীর জীবন খুবই সংক্ষিপ্ত। একদিন আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তখন আমাদের সাথে থাকবে না আমাদের সম্পদ, আমাদের মোবাইল, আমাদের বিনোদন—আমাদের সাথে থাকবে শুধু আমাদের আমল।

তাই আসুন, এই রমজানের বিদায়ের মুহূর্তগুলোকে আমরা আত্মসমালোচনার মুহূর্ত বানাই। আমরা আমাদের হৃদয়ের দিকে তাকাই, আমাদের জীবনকে নতুনভাবে গড়ার সংকল্প করি।

হয়তো তখনই আমাদের এই রমজান সত্যিকার অর্থে সফল হয়ে উঠবে।

Comments

Popular posts from this blog

“দ্বীনের দীপ্তি: ইসলামের মূল শিক্ষা”

স্মৃতির প্রাঙ্গণ ও মাধুর্যের ঋণ

📘 প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি