জন্মদিনের শ্রেষ্ঠ উপহার: কুরআন, কৃতজ্ঞতা ও দোয়া

জন্মদিনের শ্রেষ্ঠ উপহার: কুরআন, কৃতজ্ঞতা ও দোয়া

মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা (দ্বীনের দ্বীপ্তি)

আজ আমার জন্মদিন। আনন্দের এই দিনে আল্লাহ তাআলা আমাকে এমন একটি উপহার দান করেছেন, যা দুনিয়ার কোনো দামী সম্পদের সাথেই তুলনীয় নয়। আল্লাহর অশেষ রহমতে আমার প্রিয় নানু আমাকে সৌদি আরব থেকে আগত একটি কুরআন শরীফ হাদিয়া দিয়েছেন। এই উপহার শুধু একটি কিতাব নয়, বরং এটি আমার জীবনের পথচলার এক জীবন্ত স্মারক।

হে আল্লাহ, আমার নানুকে উত্তম প্রতিদান দান করুন। কারণ তাঁর মাধ্যমেই আপনি আমাকে কুরআনের পথে এনেছেন। তাঁর মাধ্যমেই আমি হাফেজে কুরআন হওয়ার সৌভাগ্য লাভ করেছি, তাঁর মাধ্যমেই দ্বীনের পথে আসা, এবং আলেম হওয়ার যাত্রা শুরু হয়েছে।

জীবনের কঠিন মুহূর্তগুলোতে, যখন চারপাশ অন্ধকার মনে হয়েছে, তখন নানু ছিলেন আমার সাহস ও আশ্রয়ের ঠিকানা। আল্লাহর পক্ষ থেকে তিনি আমার জন্য ছিলেন এক বিশেষ রহমত। এটা নিঃসন্দেহে আল্লাহর বড় নেয়ামত, যা ভাষায় প্রকাশ করা কঠিন।

নানু যতদিন বেঁচে আছেন, ততদিন হাজারো মানুষ তাঁর মাধ্যমে উপকৃত হতেই থাকবে—ইনশাআল্লাহ। কারণ ঠাকুরগাঁও জেলায় তাঁর নিজস্ব একটি মহিলা মাদ্রাসা রয়েছে, যেখান থেকে অসংখ্য আল্লাহর বান্দি ইলমে দ্বীন হাসিল করে আসছেন। তারা এখান থেকেই আল্লাহর পরিচয় পাচ্ছেন, নববী সুন্নাহ শিখছেন, এবং দ্বীনের আলোয় নিজেদের জীবন আলোকিত করছেন।

আমার দৃঢ় বিশ্বাস, নানু জীবিত থাকাকালীন যেমন এই অঞ্চলে ইলমে দ্বীনের প্রচার ও প্রসার অব্যাহত থাকবে, তেমনি তাঁর অবর্তমানেও আল্লাহ তাআলা নানুর মতো একজন যোগ্য উত্তরসূরি তৈরি করে দেবেন—ইনশাআল্লাহ। যিনি এই দ্বীনি খেদমতকে এগিয়ে নিয়ে যাবেন।

আজ এই জন্মদিনে মহান আল্লাহর দরবারে আমার একান্ত ফরিয়াদ— হে আল্লাহ, আমার নানুকে নেক হায়াত দান করুন, লম্বা হায়াত দান করুন, সুস্থতা ও আফিয়াতের সাথে জীবন অতিবাহিত করার তৌফিক দিন, এবং তাঁর মাধ্যমে দ্বীনের খেদমত কবুল করে নিন।

এই কুরআন শরীফ আমার জন্য শুধু উপহার নয়, এটি আমার জীবনের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়— যেন আমি কুরআনের হক আদায় করি, কুরআনের আলোকে জীবন গড়ি, এবং কৃতজ্ঞতার সাথে আল্লাহর পথে অবিচল থাকি।

আল্লাহুম্মা আমীন।

Comments

Popular posts from this blog

“দ্বীনের দীপ্তি: ইসলামের মূল শিক্ষা”

স্মৃতির প্রাঙ্গণ ও মাধুর্যের ঋণ

📘 প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি