কলরব প্রাঙ্গণে প্রথম পদচারণা

 

কলরব প্রাঙ্গণে প্রথম পদচারণা

মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা দ্বীনের দ্বীপ্তি 
 

আলহামদুলিল্লাহ, অবশেষে আমি কলরবের মহিমান্বিত প্রাঙ্গণে পদার্পণ করেছি। আমার হৃদয়ে আনন্দের যে ঢেউ উঠেছিল, তা ভাষায় প্রকাশ করা দুষ্কর। বিশেষ করে যখন প্রধান পরিচালক হযরত মাওলানা আবু সুফিয়ান ভাইয়ের ক্লাসে বসার সুযোগ পেলাম, মনে হলো যেন জ্ঞানের এক অমূল্য খনি থেকে মুক্তো সংগ্রহ করছি। আরও পরম সৌভাগ্যের বিষয়, তাঁর সাথে এক ফ্রেমে আবদ্ধ হওয়ার সুযোগও পেয়েছি, যা আমার জীবনের এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

এখানে এসে বুঝতে পারলাম, কলরব শুধু সুরের ধারক নয়, বরং এটি আত্মার প্রশান্তিরও আধার। আলোকিত শিক্ষার পরিবেশে আমি অনেক কিছু শিখতে পারছি। যেহেতু শুক্রবারে ক্লাস বন্ধ থাকে, তাই সময়কে সঠিকভাবে কাজে লাগানোর এক নতুন দ্বার খুলে গেল আমার জন্য। এ সময় আমি বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ, ছন্দোময় আবৃত্তি এবং সাহিত্যচর্চার সৌন্দর্যে নিজেকে গড়ে তুলতে পারি।

তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ শিখন আমার মূল পড়াশোনার অন্তরায় নয়। বরং এটি আমার বিশ্রামের সময়কে মূল্যবান করে তোলে, অলস মুহূর্তকে রূপান্তরিত করে গুণে ভরপুর করে দেয়। চোর সাহিত্যের মতো নিভৃতে আমি সময় চুরি করি, কিন্তু সে চুরি বৃথা নয়—এ চুরি জ্ঞান, শিক্ষা আর আত্মোন্নয়নের চুরি।

কলরব—আমার শেখার নতুন প্রাঙ্গণ, আমার আত্মার নতুন সুর।

Comments