সাহিত্য ও হৃদয়ের সঞ্চার : একটি হৃদয়বান প্রতিক্রিয়ার জবাব

 

সাহিত্য ও হৃদয়ের সঞ্চার : একটি হৃদয়বান প্রতিক্রিয়ার জবাব

মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা দ্বীনের দ্বীপ্তি 
 

জীবনের চলার পথে আমরা অনেক কথার সম্মুখীন হই। কিছু কথা উৎসাহ দেয়, কিছু মন্তব্য প্রশ্ন জাগায়, আর কিছু কিছু ভাবনার দরজা খুলে দেয়। ঠিক তেমনই একটি মন্তব্য তুমি করেছিলে, যাতে ছিলো সতর্কতার বার্তা, চিন্তার খোরাক এবং সৎ উদ্দেশ্য। তোমার বক্তব্য ছিল—

“তুমি যে লেখাটা লেখেছ, এই ধরনের লেখা একজন মানুষ তখনই লেখে যখন তাদের মাঝে প্রেমিক প্রেমিকার সম্পর্ক থাকে। আর তুমি যার উদ্দেশ্যে লেখেছ, সে হলো একজন ছেলে। এই ধরনের লেখা ফেসবুকে লেখা অনুচিত, নিজের ওয়েট করো।”

প্রথমেই, তোমার মন্তব্যের প্রতি আমার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। কারণ, এতে যেমন সতর্কতা ছিল, তেমনি ছিল আন্তরিকতাও। তোমার দৃষ্টিকোণ অবশ্যই তোমার ব্যক্তিত্ব ও চিন্তাধারার পরিচয় বহন করে। তবে আমি এখানে আমার দিকটা স্পষ্টভাবে উপস্থাপন করতে চাই—যাতে ভুল বোঝাবুঝির সুযোগ না থাকে এবং আমার সাহিত্যচর্চার উদ্দেশ্যকে আরও পরিস্কার করা যায়।

আমি যে লেখাটি লিখেছি, তা কোনো ব্যক্তিগত সম্পর্কের ছায়া নিয়ে রচিত হয়নি, বরং সাহিত্যচর্চার একটি সৌন্দর্যমণ্ডিত প্রয়াস। আমি বর্তমানে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করছি এবং কলম চালিয়ে যাচ্ছি একটি বৃহৎ উদ্দেশ্য সামনে রেখে—উম্মাহর কল্যাণ, আত্মশুদ্ধি ও জ্ঞানবিস্তারের লক্ষ্যে। সেই সূত্রেই মাঝে মাঝে সাহিত্যিক রূপে, অলঙ্কারে, উপমায় কথাগুলো সাজিয়ে তুলি—যা কারো হৃদয়ে দোলা দেয়, চিন্তায় আলো জ্বালায়।

সাহিত্য এমন এক আয়না, যা বাস্তবতাকে কখনো সুন্দর করে, কখনো কল্পনার পাখায় ভর দিয়ে তাকে উঁচুতে তুলে ধরে। আর এ সাহিত্য যদি দ্বীনের জন্য হয়, তাহলে তার মাহাত্ম্য আরও বেড়ে যায়। যে লেখাটি নিয়ে প্রশ্ন উঠেছে, সেটিও একটি নির্দিষ্ট শিরোনামকে সামনে রেখে, নিছক সাহিত্যচর্চার অনুশীলন হিসেবেই লেখা হয়েছে। উদ্দেশ্য ছিল সৌন্দর্য সৃষ্টি, কোনো ব্যক্তিগত অনুভূতির বহিঃপ্রকাশ নয়।

আর যার উদ্দেশ্যে লেখাটি ছিল—সে হলো আমার এক ভালো বন্ধু, যার সাথে বছরে দুই-একবার মাত্র কথা হয়। আমাদের মধ্যে সেই সাধারণ বন্ধুত্ব ছাড়া অন্য কিছু নেই। জীবন ব্যস্ততার মাঝেই কেটে যাচ্ছে—সে নিজের জায়গায়, আমিও আমার লক্ষ্যের পেছনে দৌড়াচ্ছি। সে আমার লেখা ভালোবাসে, আমি তার প্রতি শ্রদ্ধাশীল। এর বাইরে কিছুই নেই, কল্পনারও কিছু নেই।

আজকের দিনে যখন ভালো কিছু লিখলেও তা ভুল ব্যাখ্যার শিকার হয়, তখন লেখকের দায়িত্ব হয়ে দাঁড়ায় নিজের অভিপ্রায় ও দৃষ্টিভঙ্গি পরিস্কার করা। আমি নিজে কলমের খেদমতকে ইবাদতের অংশ মনে করি। লেখালেখি আমার নেশা নয়—বরং দায়িত্ব, যা আমি উম্মাহর জন্য পালন করতে চাই। আমি চাই আমার কলমে জাগরিত হোক আত্মশুদ্ধি, চিন্তার জাগরণ, সাহিত্যিক ঐশ্বর্য। আমি চাই প্রতিটি লেখায় থাকুক হৃদয়ের আহ্বান, জ্ঞানের আলোকছটা।

তুমি আমার ছাত্র ভাই, আমার আপন মানুষ। তোমার মন্তব্যকে আমি নেতিবাচকভাবে নিইনি, বরং একজন সৎ মানুষের সতর্কতা হিসেবে নিয়েছি। এবং আমি নিজেও বিশ্বাস করি—ফেসবুক বা অন্য কোনো প্ল্যাটফর্মে এমন কিছু প্রকাশ করা উচিত নয়, যা দ্ব্যর্থতা সৃষ্টি করে। তাই ভবিষ্যতে আমি আরও সচেতন থাকব—যাতে আমার সাহিত্যিক প্রচেষ্টা কোনো ভুল বোঝাবুঝির জন্ম না দেয়।

পাশাপাশি, আমি বলতেই চাই—তোমাকে নিয়ে আমি নিজেও একটি লেখা সাজিয়ে ফেলেছি। কারণ, তোমার চিন্তা, সততা এবং হৃদয়ের গভীরতা আমাকে প্রভাবিত করেছে। ইনশাআল্লাহ, সেটিও খুব শীঘ্রই পোস্ট করব এবং আশা করি তুমি তোমার মতামত জানাবে।

শেষ কথা হলো—আমাদের কলম যেন বিভ্রান্তি নয়, বরং পথের দিশারী হয়। আল্লাহ আমাদের সকলকে কলমের হক আদায় করার তাওফিক দান করুন। আমি চাই, আমার প্রতিটি অক্ষর হোক উম্মাহর কল্যাণে নিবেদিত। তোমার দোয়া কামনা করি—তুমি যেন সবসময় পাশে থাকো আমার এই কলমি অভিযাত্রায়।

কল্যাণের প্রত্যাশায়,
মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা
ছাত্র, সাহিত্যসেবক ও কলমযোদ্ধা

Comments

Popular posts from this blog

“দ্বীনের দীপ্তি: ইসলামের মূল শিক্ষা”

স্মৃতির প্রাঙ্গণ ও মাধুর্যের ঋণ

📘 প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি