পরীক্ষা সময়ে কীভাবে মেহনত করা হবে

 পরীক্ষা সময়ে কীভাবে মেহনত করা হবে

মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা দ্বীনের দ্বীপ্তি 

প্রিয় ছাত্র ভাইয়েরা! আজ আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু আলোচনা করতে চাই। বিষয়টি হলো — পরীক্ষা সময়ে কীভাবে মেহনত করা হবে। আমি জানি, তোমরা সবাই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। কিন্তু শুধু পড়াশোনা শুরু করলেই হয় না, বরং পরিকল্পিত, নিয়মতান্ত্রিক এবং আন্তরিকভাবে মেহনত করতে হয়।

আমি একজন তালেবে ইলম হিসেবে নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের কিছু দিকনির্দেশনা দিতে চাই—যা ইনশাআল্লাহ পরীক্ষার সময়ে তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করবে। মনে রেখো, এলম হাসিল করা সহজ কাজ নয়, আর পরীক্ষায় সফলতা অর্জন করাও তেমন সহজ নয়—তবে মেহনত করলে আল্লাহর রহমতে অসম্ভব কিছুই নয়।

১. নিয়ত ঠিক করো

তোমার প্রথম কাজ হচ্ছে — পরীক্ষার প্রস্তুতিকে ইবাদতের অংশ হিসেবে দেখা। আল্লাহর জন্য এলম শিখছো, পরীক্ষাও সেই শিক্ষার একটি অংশ। তাই নিয়ত ঠিক রাখো। নিয়ত হবে: "আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, দ্বীনের খিদমতের জন্য পড়াশোনা করছি, আর এই পরীক্ষাও সেই ইলমের একটি অংশ।"

إنما الأعمال بالنيات

যে কাজ আল্লাহর জন্য হয়, তার বরকত ও সাফল্যও আল্লাহর পক্ষ থেকেই আসে।

২. সময় ব্যবস্থাপনা করো

পরীক্ষা সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময়ের সঠিক ব্যবহার। তুমি যদি নেজামুল আউকাত (রুটিন) তৈরি না করো, তাহলে সময় অপচয় হবে। একটি নির্দিষ্ট রুটিন তৈরি করো—কোন সময় কোন কিতাব পড়বে, কখন নোট তৈরি করবে, কখন বিশ্রাম নেবে—সব কিছু তালিকাভুক্ত রাখো।

৩. দুর্বল কিতাব আগে ধরো

যে কিতাব তোমার সবচেয়ে দুর্বল, সেটিকে প্রথমে ধরো। কারণ পরীক্ষার আগমুহূর্তে দুর্বল বিষয়গুলোই সবচেয়ে বেশি চিন্তা তৈরি করে। আর যেই কিতাবগুলো একটু সহজ, সেগুলো পরে পড়লেও আয়ত্তে আসবে।

৪. বুঝে পড়ো, মুখস্থ নয়

যতটুকু পড়ো, তা বোঝার চেষ্টা করো। মুখস্থ বিদ্যা খুব বেশি দূর যেতে পারে না। তোমার কিতাবের আলোচ্য বিষয়, মূল বক্তব্য, আরবী ইবারতের মানে — সব কিছু গভীরভাবে বুঝে নাও। তারপর মুখস্থ করো।

৫. মেহনতের ছক বানাও

প্রতিদিন কতটা পড়বে, কিভাবে পড়বে, কত পৃষ্ঠা শেষ করবে—এইসব একটি তালিকায় লিখে রাখো। এটি তোমার প্রস্তুতিকে গতিশীল করবে। মনে রেখো, যারা লক্ষ্যে পৌঁছাতে চায়, তারা পথ আগেই চিহ্নিত করে।

৬. লেখার অনুশীলন করো

পরীক্ষা মানেই শুধু মুখে পড়া নয়। পরীক্ষায় লিখে দেখাতে হয়। অনেক ছাত্র আছো যারা পড়ে বুঝে কিন্তু খাতায় ঠিকভাবে লিখতে পারে না। তাই প্রতিদিন কমপক্ষে একটি প্রশ্ন হাতে নিয়ে উত্তর লিখে অনুশীলন করো। বাংলা ও আরবি হাতের লেখা সুন্দর রাখো। পরিষ্কার-পরিচ্ছন্ন খাতা, সুন্দর লেখা—এগুলো পরীক্ষকের মন গলাতে সাহায্য করে।

৭. বিগত বছরের প্রশ্ন দেখো

বিগত বছরের প্রশ্নগুলো সংগ্রহ করে দেখো। এতে প্রশ্নের ধাঁচ বুঝে যাবে, কোন বিষয় বেশি আসে তা জানতে পারবে। সেই অনুযায়ী পড়ালেখায় অগ্রাধিকার দেবে।

৮. সঙ্গী তৈরি করো

তোমার একটা পড়ার সাথী থাকা জরুরি। দুজন মিলে পড়বে, একজন পড়বে, অন্যজন শুনবে। প্রশ্ন করবে, উত্তর খুঁজবে। এতে পড়া স্মৃতিতে গেঁথে যাবে। একে অপরকে ধরাধরি করবে। এইভাবে একে অপরকে সাহায্য করলে আল্লাহ বরকত দিবেন।

৯. দুর্বল ছাত্রদের সাহায্য করো

যদি তোমার কিতাব আগে থেকে ভালোভাবে আয়ত্ত থাকে, তাহলে তোমার দায়িত্ব—দুর্বল ছাত্রদের সাহায্য করা। কারণ তাদের উপকার করলে আল্লাহ তোমার জন্য সহজ করে দিবেন।

والله في عون العبد ما كان العبد في عون أخيه

তুমি যদি অন্যের সাহায্যে থাকো, আল্লাহ তোমার সাহায্যে থাকবেন।

১০. গুনাহ থেকে বেঁচে থাকো

এই গুরুত্বপূর্ণ সময়ে গুনাহ থেকে সম্পূর্ণ দূরে থাকো। গুনাহ অন্তরকে কালো করে ফেলে, মনে জড়তা সৃষ্টি করে। গান, গল্প, অপ্রয়োজনীয় আড্ডা, মোবাইল—এইসব থেকে দূরে থেকো। মনে রেখো, এক মিনিটও পরীক্ষার সময়ে মূল্যবান।

১১. রাতের ঘুম ও শরীরের যত্ন

রাতভর না জেগে দিনের বেলা মেহনত করো। নির্দিষ্ট সময়ে ঘুমাও। খাওয়া-দাওয়া ঠিকমতো করো। স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকবে এবং পড়াতেও মন বসবে। অসুস্থ হলে সব কষ্ট বৃথা যাবে।

১২. পরীক্ষার দিন প্রস্তুতি

পরীক্ষার দিন দুই রাকাত সালাতুল হাজত পড়ো। আল্লাহর কাছে দোয়া করো। কলম, স্কেল, প্রবেশপত্র এসব একদিন আগে প্রস্তুত রাখো। খাতা গুছিয়ে লেখো। কোনোভাবেই কাটাকাটি করে খাতা নষ্ট করো না। সুন্দর করে ফাঁকা রেখে লিখো।

১৩. ফলাফলের পর

যদি পরীক্ষা ভালো হয়, তবে ছুটির দিনগুলো আনন্দময় হবে। আর খারাপ হলে মন খারাপ থাকবে, লজ্জা লাগবে। তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করো। আজকের মেহনতই আগামী দিনের হাসি।

اللهم انا نسالك قوه الحفظ وقوه الفهم وقوه الافهام
اللهم انا نسالك فهما صحيحا وفهما كاملا وفهما عميقا
اللهم انا نسالك النجاح في الامتحان
اللهم تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم
লেখক: মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা
(তালেবে ইলমের উদ্দেশ্যে আন্তরিক উপদেশ)

Comments

Popular posts from this blog

“দ্বীনের দীপ্তি: ইসলামের মূল শিক্ষা”

স্মৃতির প্রাঙ্গণ ও মাধুর্যের ঋণ

📘 প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি