একটি ছাতা, এক আকাশ ভালোবাসা
☂️ একটি ছাতা, এক আকাশ ভালোবাসা
আলহামদুলিল্লাহ! আল্লাহর হাজারো শুকরিয়া যে তিনি আমাকে ভালোবাসেন, এবং কিছু মানুষকে আমার জন্য দুনিয়ায় মাধ্যম বানিয়ে দিয়েছেন। কেন, কী কারণে মানুষ আমাকে ভালোবাসে জানি না। কিন্তু এটুকু জানি, এ ভালোবাসা কেবল মানুষের নয়—এটি আল্লাহর দেওয়া। আজকের ঘটনাটাই তার প্রমাণ।
বিকেল বেলা, আসরের পর। বৃষ্টি ঝরছে নিরবধি। আমার হাতে কোনো ছাতা নেই। তবুও পায়ে হাঁটা শুরু করলাম গাউছিয়া যাওয়ার জন্য—যেখানে আমি প্রতিদিনই যাই ইংরেজি শিখতে। আজও থেমে থাকিনি। ভিজে ভিজে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ চোখে পড়লো—আমাদের জামাতের আমির, শ্রদ্ধেয় শাহাদাত ভাই, রাস্তার অপর প্রান্ত থেকে আসছেন ছাতা নিয়ে।
তিনি আমাকে দেখে থামলেন, নিজে ভিজে গেলেন, কিন্তু ছাতাটি আমার হাতে তুলে দিলেন। বললেন, “তুমি ছাতা নিয়ে যাও, আমি ভিজে যাবো।” আমি হতবাক হয়ে তাকিয়ে রইলাম। মনে হলো, এই পৃথিবীর সমস্ত স্নিগ্ধতা যেন ওই একটি বাক্যে লুকিয়ে আছে। আমি ভাবলাম, এমনও কেউ আছে—যে আমার জন্য নিজের কষ্টকে হাসিমুখে বরণ করে নেয়।
শাহাদাত ভাই শুধু একজন দায়িত্বশীল আমির নন, তিনি আমাদের ছাত্রদের কল্যাণে সদা ব্যস্ত। দস্তরখানার আমির, দায়িত্বশীলতা, গাছ লাগানো, পরিবেশ পরিচ্ছন্ন রাখা—সবকিছুতেই তাঁর নিঃস্বার্থ অংশগ্রহণ।
আমি বুঝলাম—আসলে ছাতা তো শুধু বাহানা ছিল। সাহায্য আসছে আল্লাহর পক্ষ থেকে, আর শাহাদাত ভাই হচ্ছেন তাঁর পাঠানো এক ফেরেশতার মতো মাধ্যম। মহান আল্লাহর কাছে তাই আজ অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনিই তো বান্দার হৃদয়ে ভালোবাসা ঢেলে দেন। তিনিই তো বলেন—
“যদি আমি কাউকে ভালোবাসি, আমি জিবরাইল (আঃ) কে বলি, এবং সারা সৃষ্টির অন্তরে তার ভালোবাসা ঢুকিয়ে দেই।”
আজ আমার অন্তর সাক্ষ্য দিল—আল্লাহ আমাকে ভালোবাসেন। এবং এ ভালোবাসার সবচেয়ে সুন্দর প্রকাশ হচ্ছে এমন সব ভাই, যাদের মনটা আল্লাহর নূরে ভরা। আমি আমার ভাই শাহাদাতের জন্য দোয়া করি:
- হে আল্লাহ! আপনি তাঁকে উত্তম প্রতিদান দিন।
- তাঁর মনের দুআগুলো কবুল করুন।
- তাঁকে দ্বীনের খেদমতের বড়ো সুযোগ দিন।
- তাঁর অন্তরকে নূরে ভরিয়ে দিন, হক ও সাবিত কদম রাখুন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরণের মহব্বতের, আত্মত্যাগের, খাঁটি হৃদয়ের মানুষ হতে তাওফিক দিন। আমরা যেন একে অপরের ছায়া হয়ে থাকতে পারি, ছাতার মতো—যা নিজে রোদ-বৃষ্টি সহ্য করে অন্যকে শান্তি দেয়।
✍️ লিখেছেন: মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা
Comments
Post a Comment