পরামর্শহীন তালেবে ইলম: এক অদৃশ্য পতনের পথে

 পরামর্শহীন তালেবে ইলম: এক অদৃশ্য পতনের পথে

মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা দ্বীনের দ্বীপ্তি

🔹 অধ্যবসায়ে সফলতা, কিন্তু দিক হারানোতে ধ্বংস

অনেক তালেবে ইলম মাদরাসায় ভর্তি হওয়ার পর একনিষ্ঠ পরিশ্রমে পড়াশোনা চালিয়ে যায়। ফলাফলও প্রথমদিকে ভালো হতে থাকে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো—সে কীভাবে পড়লে ফলপ্রসূ হবে, মেহনতের সঠিক পদ্ধতি কী—এই ব্যাপারে অজ্ঞ থাকার কারণে, সে কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাতে পারে না। কিতাব বুঝে পড়া, উপযুক্ত সময়ে উপযুক্ত কিতাব বাছাই করা, এগুলো জানা না থাকলে মেধাবী হওয়া সত্ত্বেও সে পিছিয়ে পড়ে।

🔹 পরামর্শহীন চলাফেরা: আত্মপ্রবঞ্চনার দরজা

প্রত্যেক তালেবে ইলমের জন্য একান্ত প্রয়োজন—একজন অভিজ্ঞ মুরুব্বী নির্ধারণ করে তার পরামর্শে জীবন পরিচালনা করা। কারণ পরামর্শ ছাড়া চলতে গেলে শয়তানই হয়ে যায় তার একমাত্র গাইড। জীবন এক সময় এমন সব কঠিন চৌরাস্তায় এসে দাঁড়ায়, যেখানে না চাইতেও মুরুব্বীর প্রয়োজনীয়তা অনুভব হয়। কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যায়।

🔹 ওস্তাদের অবহেলা: ক্ষতিগ্রস্ত আত্মা

আজকাল বহু ছাত্র এমন আছে, যারা এমনকি তাদের ক্লাসের ওস্তাদদের সঙ্গেও দেখা করে না। যে ওস্তাদ তাকে কিতাব পড়াচ্ছেন, তার সাথে কিতাব পড়ার তরিকা, শরাহ, বা সহায়ক কিতাব বিষয়ে পরামর্শ নেওয়া ছাত্রের দায়িত্বের অন্তর্ভুক্ত। নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে বাংলা বই, সাহিত্য, কম্পিউটার বা ইংরেজি শেখায় ব্যস্ত হয়ে পড়ে অনেকেই, যার ফলে মূল পড়াশোনার গভীরতা নষ্ট হয়ে যায়।

🔹 অস্থিরতা থেকে অবনতি

কিছু ছাত্র আবার শুরুতে মেহনত করে, কিন্তু সঠিক নির্দেশনা ছাড়া সেই মেহনত ভুল পথে চলে যায়। কেউ বাংলা সাহিত্য বা ইংরেজিতে অতিমাত্রায় আগ্রহী হয়ে পড়ে, কিন্তু তা উপকারী কিনা—এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতেই চায় না। পরামর্শহীন এই আগ্রহ এক সময় তার মূল ইলমের ভিত ভেঙে দেয়। ফলত একপর্যায়ে পড়াশোনা ছেড়ে দিয়ে ব্যবসা কিংবা অন্য পথে চলে যেতে বাধ্য হয়।

✍️ মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা
📍দ্বীনের দীপ্তি

Comments

Popular posts from this blog

“দ্বীনের দীপ্তি: ইসলামের মূল শিক্ষা”

স্মৃতির প্রাঙ্গণ ও মাধুর্যের ঋণ

📘 প্রথম সাময়িক পরীক্ষার প্রস্তুতি