ছাত্রজীবন: গুরুত্ব, গাফলতি ও সাফল্যের দিশা
ছাত্রজীবন: গুরুত্ব, গাফলতি ও সাফল্যের দিশা
মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা
ছাত্রজীবন মানুষের জীবনের সবচেয়ে সংবেদনশীল এবং গঠনমূলক অধ্যায়। এ সময়টিকে যদি যথাযথভাবে কাজে লাগানো যায়, তাহলে ভবিষ্যৎ জীবন হবে উজ্জ্বল ও সফল। কিন্তু যদি কেউ এই সময়টিকে অবহেলা করে, অলসতা আর গাফিলতিতে ডুবে যায়, তাহলে তার পরিণতি অনেক কষ্টদায়ক হতে পারে।
অনেক ছাত্র এমন আছে যারা ছাত্রজীবনে অত্যন্ত মেধাবী ছিল, কিন্তু সময় নষ্ট করা, গুরুত্ব না দেওয়া এবং আড্ডাবাজিতে জড়িয়ে পড়ার ফলে তাদের ভিতরকার প্রতিভা ম্লান হয়ে গেছে। তারা বহু কিতাবের মধ্যে ‘কাঁচার’ হয়ে যায়—না বুঝে পড়ে, না বুঝে চলে যায়। ফলাফল? ভবিষ্যতে তাদের দ্বারা কোনো খেদমত আদায় হয় না।
তার মূল কারণ—পড়াশোনায় মনোযোগ না দেওয়া এবং ‘না বোঝা’ বিষয়গুলো বুঝে নেওয়ার মানসিকতা না থাকা। ক্লাসে পড়া আয়ত্ত না করেও যারা তা বুঝতে চায় না কিংবা মুতালাআ করে না, তারা ধীরে ধীরে পিছিয়ে পড়ে। এমন বহু ছাত্রকে আমি দেখেছি, যাদের মেধা ভালো ছিল কিন্তু মেহনতের অভাবে তারা আগাতে পারেনি।
আবার কেউ কেউ মেহনত করে ঠিকই, কিন্তু সে মেহনতটা সঠিক পথে পরিচালিত না হওয়ায় ফল আসে না। কারণ পরামর্শ ছাড়া জীবন চালালে মানুষ গর্তে পড়ে যায়। মানুষ নিজে নিজের ভালোটা সবসময় বুঝে উঠতে পারে না, তাই বড়দের পরামর্শ ও অভিজ্ঞতা গ্রহণ করাই হলো বুদ্ধিমানের কাজ।
অতএব, আমি আমার প্রিয় ভাইদের উদ্দেশে সতর্কবার্তা দিচ্ছি—তোমরা জীবনের শুরু থেকেই মেহনতের অভ্যাস গড়ে তোলো। সময়ের মূল্য দাও। বন্ধুবান্ধবের সাথে অহেতুক আড্ডায় সময় নষ্ট করো না, অন্যদেরও সময় নষ্ট করো না। দরসের পড়া, ক্লাসের মুতালাআ ভালোভাবে আদায় করো। আলস্য, ঘুম আর গাফিলতির সুযোগ দিও না।
ইনশাআল্লাহ, যদি তোমরা সময়ের সদ্ব্যবহার করো, পড়াশোনায় মনোযোগী হও এবং পরামর্শ অনুযায়ী অগ্রসর হও—তাহলে তোমাদের সাফল্য অনিবার্য। আল্লাহ তোমাদের হিফাজত করুন ও কবুল করুন। আমীন।
Comments
Post a Comment