ত্বলহার কলমে এক নিঃশব্দ জিহাদ
ত্বলহার কলমে এক নিঃশব্দ জিহাদ
—মুহাম্মদ মুনীরুজ্জামান ত্বলহা
আমি সেই ছাত্র, যার কলম কথা বলে—
যার লেখা শুধু অক্ষর নয়, বরং আকীদার আলো, তাকওয়ার সুবাস আর দীনদারির ধ্বনি।
আমার স্বপ্ন—আলোর পথ রচনা করা,
আর সেই পথচলায় আমার হাতিয়ার—কলম, কীবোর্ড আর অন্তরের খাঁটি নেস্তা।
মারকাজুল ইলমি ওয়াদ দাওয়াহ, গেন্ডা, সাভার, ঢাকা—
এই মহান মারকাজে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের শ্রেষ্ঠ ধন।
এখানেই আমি কলম হাতে পেয়েছি দায়িত্ব,
দ্বীনের ইলম, উস্তাদদের তাকরীর, কিতাবের গভীরতা আর বয়ানের দরদ—
সবকিছুকে অক্ষরে রূপ দিতে শিখেছি।
জুরাইন হুজুর—যার মুখের বয়ানে থাকে জিকিরের সুবাস,
আর গাজীপুরী হুজুর—যার তাকরীর মনে করিয়ে দেয় সাহাবায়ে কিরামের ইখলাস।
তাঁদের প্রতিটি কথা আমি শব্দে বেঁধেছি,
হৃদয়ের নিরবতা ভেঙে তৈরি করেছি নসীহতের দরদমাখা সংকলন।
বরিশালী হুজুরের তাকরীর—যা হৃদয় ছুঁয়ে যায় আল্লাহভীতির উষ্ণতায়,
কুমিল্লা হুজুরের বিশ্লেষণভিত্তিক দরস—যা মন মগজ জাগিয়ে তোলে,
পিরোজপুরী হুজুরের বয়ান ও নসীহা—একেকটি যেন একেকটি জীবন গড়ার কাঁচ,
খিলগাঁও হুজুরের গভীর ফিকির—যা ছাত্রজীবনে আনে ঈমানি চেতনার শিখর,
আর ভোলার হুজুরের গুরুত্বপূর্ণ ফিকহি আলোচনা—যা দ্বীন বোঝার বুনিয়াদ গড়ে দেয়।
আমি শুধু শ্রোতা হয়ে থাকিনি,
আমি শ্রবণ করেছি হৃদয় দিয়ে, লিখেছি কলম দিয়ে,
আর টাইপ করেছি নিষ্ঠার ঘামে ভিজিয়ে।
একেকদিন ঘন্টার পর ঘন্টা কাটে শুধু কম্পিউটারের সামনে—
অক্ষর পর অক্ষর, অনুচ্ছেদ পর অনুচ্ছেদ আমি গুছিয়ে যাই—
যেন উস্তাদদের মুখ নিঃসৃত হিরার দানা ভুল না হয় কখনো।
লেখালেখি, সম্পাদনা, সংকলন, কম্পোজিশন, বই তৈরির কারিগরি—
সবই আল্লাহর বিশেষ এক নিয়ামত আমার ওপর।
আমি কবিতা লিখি, অনুভূতির গল্প গাঁথি,
রোজনামচায় আঁকি আত্মার কথা,
আর বয়ানে গেঁথে রাখি দ্বীনের আহ্বান।
বন্ধে যখন বাসায় যাই, কেউ বিশ্রাম নেয়, আমি নিই দায়িত্ব।
সময়টুকু আমি দেই তাকরীর পরিবর্ধন, পরিমার্জন ও সংকলনে—
প্রতিটি লাইন যেন উস্তাদদের রুহের প্রতিচ্ছবি হয়ে ওঠে।
একদিন যখন এই লেখা এক একটি বইয়ের রূপ নেয়,
তখনই মনে হয়, এই কলম নিঃসন্দেহে জিহাদের এক নীরব কিতাল।
কারণ জ্ঞানের কথা সংরক্ষণ করা, ছড়িয়ে দেওয়া,
এও তো এক প্রকার কুরবানি—যা হয় না রক্তে, হয় কালি আর ক্লিক-এ।
তাই আমি আজও লিখি,
লিখে যাব ইনশাআল্লাহ,
কারণ আমার কাছে এই কাজ শুধু একটা গুণ নয়—
বরং এটা আমার মিশন, আমার শোকর, আর আমার জান্নাতের পথে রেখে যাওয়া কিছু পদচিহ্ন।
Comments
Post a Comment